ঢাকা: নজরুল একাডেমির উদ্যোগে জাতীয় শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে ৩ দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। আবৃত্তি, গান ও নৃত্যের ছন্দে সাজানো হয়েছে এ সাংস্কৃতিক অনুষ্ঠান।
রোববার সন্ধ্যায় জাতীয় শিল্পকলা একাডেমিতে ৩ দিনব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। সঙ্গীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে রাত ৯ টা পর্যন্ত চলবে এ আয়োজন।
অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক কবি মুহাম্মদ নূরুল হুদা বলেন, ‘নজরুল অতি সাধারণ জীবনযাপন করেছেন। তার কাছ থেকে আমাদের তরুণ প্রজন্মের শেখার অনেক কিছু রয়েছে।’
কবি নজরুল ইসলামের নাতনি ও নজরুল একাডেমির নির্বাহী পরিষদের আজীবন সদস্য খিলখিল কাজী বলেন, ‘কবি নজরুল শুধু তার লেখনীতেই বিদ্রোহী কবি ছিলেন না, ব্যক্তিগত জীবনেও সত্যিকারের বিদ্রোহী ছিলেন।’
এর আগে ৩ দিনের এ সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রথম দিনে স্বাগত বক্তব্য রাখেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মিন্টু রহমান। এ সময় তিনি নজরুলের জীবনের উল্লেখযোগ্য বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন।
এছাড়াও এদিন বিকেলে শিল্পকলার এক্সপেরিমেন্টাল হলে প্রদর্শিত হয় নাট্যযোদ্ধার মঞ্চ নাটক ‘অসমাপ্ত’। ফয়সাল আহমেদের রচনায় নাটকটির নির্দেশনা দিয়েছেন জয়নাল আবেদীন জয়।
