সাংবাদিক হওয়ার নীতিমালা চান ডিসিরা
প্রধানমন্ত্রীর তথ্য মন্ত্রণালয় সংক্রান্ত উপদেষ্টা জাহেদ উর রহমান বলেছেন, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার বলে জানিয়েছেন ডিসিরা। আমরাও নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।
চার দিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলনের শেষ দিন বুধবার (৬ এপ্রিল) ওসমানী স্মৃতি মিলনায়তনে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় বিষয়ক কার্য-অধিবেশন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
ডিসিরা মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় রাজনৈতিক চাপের কথা বলেন, সেরকম কোনও বিষয় বা তাদের কোনও চাওয়া ব্যক্ত করেছেন কিনা প্রশ্নে উপদেষ্টা বলেন, রাজনৈতিক প্রভাবের কথা যেটা বলছেন, সেই আলোচনা এখানে আসেনি। এটা এসেছে যে আমাদের সাংবাদিকরা যারা ওখানে কাজ করেন– আমরা এখন একটা ডিজিটাল মিডিয়ার মধ্যে ঢুকে পড়েছি, খুব সহজে মিডিয়া অনেকে চালু করছেন, অনলাইন বেসড। সেখানে কখনও কখনও তাদের মতে এবং তারা এই সমস্যা ফেসও করেন, এটা আপনারাও নিশ্চয় স্বীকার করবেন, নীতিমালার একটা অভাব আছে। সুতরাং তাদের একটা প্রত্যাশা হলো, সাংবাদিক হওয়ার জন্য একটা নীতিমালা থাকা দরকার এবং সাংবাদিকদের একটা কোড অব কন্টাক্ট থাকা দরকার, যেটা তারা ফলো করবেন, সে ক্ষেত্রে তাদের দায়িত্ব পালনে সুবিধা হবে। একটা নীতিমালা এবং রেগুলেশনের কথা আমরা আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকেও ভাবছি এবং এটা আমরা দ্রুতই করবো।

