সামাজিক মাধ্যম ফেসবুক ও মেসেঞ্জারে ভুয়া পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও ছড়িয়ে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবির অভিযোগে সৌরভ মাহামুদুল (২৬) নামের এক যুবককে আটক করেছে যশোর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বুধবার (২১ মে) বিকাল সাড়ে ৪টায় চাঁদপুরের হাজীগঞ্জের ফ্যালকন ফ্যাশন জোন বিজনেস পার্ক এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এর আগে, মঙ্গলবার (২০ মে) রাত ১২টায় যশোর কোতোয়ালি থানার আড়পাড়া গ্রামের বাসিন্দা সোহাগ হোসেন বিপ্লব (৩৪) সৌরভের বিরুদ্ধে ডিজিটাল অপরাধ ও পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে মামলা দায়ের করেন।
এ বিষয়ে ভুক্তভোগী অভিযোগ তুলে জানান, গত ১৬ মে সন্ধ্যায় অজ্ঞাত নামের একটি ফেসবুক আইডি থেকে তার স্ত্রী, ছোট ভাইয়ের স্ত্রী এবং ছোট বোনের ব্যক্তিগত ছবি এডিট করে তা পর্নোগ্রাফিক কনটেন্ট বানিয়ে আত্মীয়-স্বজনদের ফেসবুক মেসেঞ্জারে পাঠানো হয়। এরপর ওই আইডি থেকেই তার কাছে দাবি করা হয় এক লাখ ২০ হাজার টাকা। এছাড়াও টাকা না দেওয়া হলে এসব ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
অভিযোগ পাওয়ার পরই বিষয়টি গুরুত্বের সাথে গ্রহণ করেন যশোরের পুলিশ সুপার রওনক জাহান। ঘটনার দ্রুত তদন্ত ও আসামি শনাক্তে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশকে নির্দেশ দেন তিনি। তথ্য-প্রযুক্তির সহায়তায় ডিবি পুলিশের একটি টিম অভিযুক্ত সৌরভ মাহামুদুলকে শনাক্ত করে। পরে অভিযান চালিয়ে আটক করে গ্রেফতার করা হয় তাকে।
আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে পর্নোগ্রাফি ছড়ানো ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছে অভিযুক্ত সৌরভ। এছাড়া তার কাছ থেকে জব্দ করা হয়েছে পর্নো ছবি ভিডিও ও ছড়ানোর কাজে ব্যবহৃত একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও।

