হাজীগঞ্জ-শাহরাস্তির সবকটি কেন্দ্রে জিতে রেকর্ড গড়লেন ধানের শীষের প্রার্থী ইঞ্জিনিয়ার মমিনুল হক
মোহাম্মদ কামাল হোসেন
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনে ১ লাখ ১০ হাজার বেশি ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ধানের শীষের প্রার্থী মোঃ মমিনুল হক । এছাড়া সারা দেশের যে কজন প্রার্থী সব কেন্দ্রে বিজয়ী হয়েছেন, সেখানে চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনও একটি।
চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি ঐতিহ্যগতভাবে বিএনপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল। দীর্ঘ সময় পর পুরোনো ঐতিহ্য ফিরে পেল তারা। ঘোষিত ফলাফলে দেখা যায়, চাঁদপুর-৫ হাজীগঞ্জ-শাহরাস্তি আসনের ১৫৯টি কেন্দ্রে মোট ৫ লাখ ২৬,৬৭৮ ভোটারের মধ্যে ভোট পড়েছে ২ লাখ ৮২ হাজার ৯৯৬টি।
তন্মধ্যে বিএনপির মোঃ মমিনুল হক সবকটি কেন্দ্রে বিজয়ী হয়ে সর্বমোট ১ লাখ ৮১ হাজার ৯১১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১দলীয় ঐক্য জোটের প্রার্থী ড.নেয়ামুল বশির পেয়েছেন ৭১ হাজার ৮৫০ ভোট।
প্রতিটি কেন্দ্রের ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, বিএনপির মোঃ মমিনুল হক অধিকাংশ কেন্দ্রে দুই হাজারের বেশি, ১০০টি কেন্দ্রে হাজারের বেশি এবং বাকি কেন্দ্রগুলোতে প্রায় হাজারের কাছাকাছি ভোট পেয়েছেন। ভোট বিশ্লেষণে দেখা গেছে, ৭ প্রার্থীর মধ্যে মোঃ মমিনুল হক ও ড.নেয়ামুল বশির ছাড়া ইসলামিক ফ্রন্টসহ সব প্রার্থী জামানত হারিয়েছেন।
হাজীগঞ্জা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোঃ ইবনে আল জাবেদ জানান, প্রাথমিক ফলাফলে বিএনপির ড.নেয়ামুল বশির ধানের শীষ প্রতীকে ১ লাখ ৮১ হাজার ৯১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। কোনো সংঘাত ছাড়াই শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন হয়েছে। শুক্রবার পোস্টাল ব্যালটের ফলাফল যুক্ত করে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় থেকে আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে।

