মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তির খিলাবাজারে অবৈধ স্থাপনা ও ফেরুয়ায় সরকারি খাল থেকে বাঁধ অপসারণ করা হয়েছে। গতকাল ২৭ নভেম্বর সকাল থেকে চাঁদপুরের ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিনের নেতৃত্বে এ উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, খিলাবাজারের চৌরাস্তার মোড়ে সরকারী সম্পত্তি অবৈধভাবে দখল করে প্রসন্নপুর গ্রামের মৃত ইমাম আলীর পুত্র আবুল খায়ের পাকা ভবন নির্মাণ করেছিল। এতে সড়কটি হুমকির মুখে পড়ে। অপর দিকে সূচিপাড়া দক্ষিণ ইউনিয়নের ফেরুয়া বাজার এলাকায় ফেরুয়া খালের উপর ওই এলাকার লিটন খাল দখল করে মাছ চাষ করে আসছিল। খালের দু’পাশে বেড়ি দিয়ে পানি চলাচলে বাধা সৃষ্টি হয়। ওই দিন দুপুরে খাল থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। ম্যাজিস্ট্রেট সাদিয়া জেরিন এ উচ্ছেদ অভিযান পরিচালনা কালে স্থানীয় জনগণ স্বাগত জানান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ ওবায়দুর রহমান, শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) মোঃ আনিছুজ্জামান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার শহীদুল ইসলাম।
