- সেচ ব্যবস্থা উন্নয়নে বড় পরিকল্পনা বিএনপির: প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, ‘সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের উদ্যোগ নেওয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো দেশ
খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া, এবং উৎপাদন আরও বৃদ্ধি করা, যাতে খাদ্যের জন্য কোনো মানুষকে কষ্ট পেতে না হয়। বাংলাদেশের মাটি অত্যন্ত উর্বর; সময়মতো সেচ দিতে পারলে ভালো ফসল উৎপাদন সম্ভব।’
শনিবার (১৬ মে) বেলা আড়াইটার দিকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজার এলাকায় খোর্দ্দ খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘নির্বাচনের আগে আমরা খাল খননের কথা বলেছি। কারণ খাল খননের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন। কৃষকরা উপকৃত হলে ধীরে ধীরে তারা স্বাবলম্বী হবেন, এবং কৃষকের উন্নতির মাধ্যমে দেশের অর্থনীতি আরও শক্তিশালী হবে।’
ফ্যামিলি কার্ড সম্পর্কে প্রধানমন্ত্রী বলেন, ‘এটিও নির্বাচনের পূর্বে দেওয়া প্রতিশ্রুতি। এর মাধ্যমে নারীদের স্বাবলম্বী করা হবে। এই কার্ডের মাধ্যমে প্রতি মাসে একজন মা আড়াই হাজার টাকা পাবেন, যা সন্তানের যত্ন ও স্বাস্থ্যসেবায় ব্যয় করা যাবে। অন্তর্বর্তী সরকারের বাজেট থেকে এই কার্ড দেওয়া হচ্ছে, এবং আগামী বাজেটে এর পরিমাণ আরও বৃদ্ধি করা হবে।’
তিনি আরও বলেন, ‘দেশের অর্ধেক জনগোষ্ঠী নারী। দেশনেত্রী পূর্বেও নারীদের শিক্ষার উন্নয়নে কাজ করেছেন এবং উচ্চ মাধ্যমিক পর্যন্ত মেয়েদের বিনামূল্যে পড়াশোনার ব্যবস্থা করেছিলেন। আমাদের সরকার স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করবে। পাশাপাশি মেধাবী শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি দেওয়ার ব্যবস্থাও থাকবে। কারণ নারীদের স্বাবলম্বী না করে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।’
বিএনপি সরকারের প্রতিশ্রুতি হিসেবে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন, তরুণ সমাজকে শিক্ষিত ও প্রশিক্ষিত করে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং দেশে কর্মসংস্থান বৃদ্ধির কথা উল্লেখ করা হয়।
প্রধানমন্ত্রী উপস্থিত সবাইকে উদ্দেশ করে বলেন, ‘আজকের এই খাল খনন অনুষ্ঠান থেকে আমরা প্রতিজ্ঞা করি দেশকে এগিয়ে নিতে হবে। সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। বাংলাদেশের ২০ কোটি মানুষের ৪০ কোটি হাত একসঙ্গে কাজ করলে দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে গড়ে তোলা সম্ভব।’
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য প্রকৌশলী মমিনুল হক। উপস্থিত ছিলেন- চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষামন্ত্রী আ. ন. ম. এহছানুল হক মিলন, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হক দুলু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সলিম উল্যাহ সেলিম, শাহরাস্তি উপজেলা বিএনপির সভাপতি আয়েত আলী ভুঁইয়া সহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

