শাহরাস্তি প্রতিনিধি ॥
শাহরাস্তিতে বিষ পানে মোঃ ইব্রাহীম (১২) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ১ টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। সন্ধ্যায় শাহরাস্তি মডেল থানা পুলিশ খবর পেয়ে সূচীপাড়া বাজার এলাকা থেকে শিশুর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোঁয়ার গ্রামের মোঃ আব্দুল্লাহর পুত্র মোঃ ইব্রাহিম সূচীপাড়া দক্ষিণ বাজারস্থ এনাম ভেরাইটিজ স্টোরে বিগত আড়াই মাস যাবৎ কাজ করে আসছিল। ঘটনার দিন শনিবার এনাম ভেরাইটিজ স্টোরে কর্মরত তার সহকর্মী মোবারক হোসেনের সাথে কথা কাটাকাটি হয়। সকাল ১১ টায় দোকানে সে বিষ পান করলে দোকানের মালিক এনাম হোসেন ও স্থানীয় বাজার ব্যবসায়ীরা মুমুর্ষ অবস্থায় প্রথমে শিশুটিকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে যায়। পরে তার অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা নেয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হলে তার কর্মস্থল সূচীপাড়া বাজার এলাকায় তাকে নিয়ে আসা হয়। খবর পেয়ে শাহরাস্তি মডেল থানার উপ-পরিদর্শক (এস.আই) সমীর চন্দ্র ও সঙ্গীয় ফোর্স শিশুটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
শিশু ইব্রাহিমের মৃত্যু নিয়ে সূচীপাড়া বাজার এলাকায়, ঘটনাটি কি হত্যা, না আত্মহত্যা, এ বিষয়ে মিশ্র প্রতিক্রিয়া ও গুঞ্জন শুনা যাচ্ছে।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানায় একটি অভিযোগের দাখিল করেন।
