মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তি উপজেলার কুলশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০১৪ সালের প্রাথমিক শিক্ষা সমাপণী (পিএসসি) পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টায় বিদ্যালয় প্রাঙ্গনে এ মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। সহকারী শিক্ষক মোঃ আলমগীর হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রদান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কাজী হুমায়ুন কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টামটা দক্ষিণ ইউনিয়নের ৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ শাহআলম ভূইয়া। এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আলহাজ্ব আব্দুল বারী, লকিয়ৎ উল্যাহ, এসএমসি সদস্য আবুল কালাম আজাদ, অভিভাবক জনার্দন বনিক, কাজী আব্দুল আজিজ প্রমুখ, বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজিলত পারভীন।
শিক্ষার্থীদের মধ্যে কুরআন তিলাওয়াত করেন ৪র্থ শ্রেণির ছাত্র নায়েব হোসেন, গীতা পাঠ করেন ৫ম শ্রেণীর ছাত্রী শ্রাবন্তী দাস মহিমা। অধ্যায়নরত শিক্ষার্থীদের মধ্যে মানপত্র পাঠ করেন ৪র্থ শ্রেণির ছাত্রী সায়মা ইসলাম। বিদায়ী শিক্ষার্থীদের পক্ষে অশ্রুসিক্ত বিদায় বাণী পাঠ করেন আয়শা সিদ্দিকা লোপা।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, আগামী ২৩ নভেম্বর তোমাদের পিএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে। তোমরা পরীক্ষা শুরু হওয়ার আধা ঘন্টা পূর্বে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ পত্র, কলম, স্কেল প্রভৃতি নিয়ে উপস্থিত থাকতে হবে এবং নকল মুক্ত পরিবেশ বজায় রেখে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে পরীক্ষা দিয়ে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে।
