মোঃ জামাল হোসেন ॥
চাঁদপুর-৫ আসনের, হাজীগঞ্জ-শাহরাস্তি নির্বাচনী এলাকায় আওয়ামী লীগের ৩ আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। যা বর্তমানে জনগণ সুফল ভোগ করছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ও জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা বদ্ধ পরিকর। শাহরাস্তি-হাজীগঞ্জ উপজেলাকে সারা দেশের উন্নয়নের মডেল হিসেবে গড়ে তোলা হবে। গত শনিবার জেলা তথ্য অফিসের আয়োজনে এবং শাহরাস্তি উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সরকারের সাফল্য, উন্নয়ন বিষয়ে জনগণকে অবহিতকরণ এবং সম্পৃক্তকরণের লক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দিতে গিয়ে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি উপরোক্ত কথাগুলো বলেন।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, জেলা আওয়ামী লীগ সদস্য হাজী আব্দুল লতিফ, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি গোলাম কিবরিয়া জীবন, জেলা তথ্য অফিসার আরিফ সাদেক, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন, শাহরাস্তি পল্লী বিদ্যুতের ডিজিএম মোঃ ফখরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য টামটা উত্তর ইউ.পির চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবির মজুমদার প্রমুখ।
টামটা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ওমর ফারুকের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউ.পি চেয়ারম্যানদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ গোলাম মোস্তফা, সফি আহমেদ মিন্টু, হাবিবুর রহমান পাটওয়ারী, আব্দুস ছাত্তার, মোঃ জোবায়েদ কবির বাহাদুর, মাও. মোজাফ্ফর হোসেন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ ।
সভার শুরুতে জেলা তথ্য অফিসার মুহাম্মদ আরিফ সাদেক বাংলাদেশ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা এবং সম্পৃক্ততার কথা তুলে ধরে স্বাগত বক্তব্য দেন।
অপরদিকে সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনা বিষয়ে সকাল সাড়ে ১০ টায় উপজেলা প্রশাসন চত্বর হতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা তথ্য অফিসারের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। অপর দিকে সরকারের সাফল্য ও উন্নয়ন কার্যক্রমে প্রচার বিষয়ে সকাল সাড়ে ৯ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন, স্থানীয় প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকদের কাছে এক প্রেস ব্রিফিং দেন। তিনি প্রেস ব্রিফিংয়ে বলেন, সরকারের উন্নয়নের মূল ধারা হতে যারা অবহেলিত এবং বঞ্চিত, তাদেরবে উন্নয়নের মূল ধারায় নিয়ে আসতে সরকার বদ্ধ পরিকর।
উল্লেখ্য, মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এম.পি সকাল সাড়ে ১০ টায় উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের আয়নাতলী বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের শান্ত্বনা দেন।
