

‘জয় বাংলা’কে বাংলাদেশের জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুলের নিষ্পত্তি করে আজ মঙ্গলবার বিচারপতি এফআরএম নাজমুল আহাসান ও বিচারপতি কেএম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
রায়ে আদালত বলেছেন, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সর্বস্তরের রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’ স্লোগান বলতে ও দিতে হবে।
জাতীয় স্লোগান করার পক্ষে আদালতে শুনানি করেন ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম, ইউসুফ হোসেন হুমায়ুন, আজমালুল হক কিউসি ও এম আমিন উদ্দিনসহ জ্যেষ্ঠ আইনজীবীরা।
আদালত আরও বলেন, সামনে যেসব জাতীয় দিবস আছে, প্রতিটি দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রের শীর্ষপর্যায় থেকে শুরু করে সর্বস্তরের প্রত্যেক দায়িত্বশীল ব্যক্তিকে ভাষণ বা বক্তব্যের শুরু ও শেষে জয় বাংলা স্লোগান দিতে হবে।
এর আগে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান ঘোষণা চেয়ে হাইকোর্টে রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ড. বশির আহমেদ।
রুলে, ‘জয় বাংলা’কে কেন জাতীয় স্লোগান ঘোষণা করা কেন হবে না, তা জানতে চেয়ে মন্ত্রিপরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে জবাব দিতে বলা হয়।
