
এদিকে কৌশলে প্রেমের কথা স্বীকারও করে নিলেন পূজা। বললেন, শাকিবের সঙ্গে আমার প্রেম আছে, তবে সেটা পর্দায়—চরিত্রের প্রয়োজনে। বাস্তবে তার সঙ্গে কোনো সম্পর্ক নেই।
পূজা গণমাধ্যমে বলেন, ‘আমি যখনই যার সঙ্গে কাজ করেছি তখনই তার সঙ্গে প্রেম করছি বলে গুঞ্জন ছড়িয়েছে। সিয়াম, আদ্রিত এদের সঙ্গে পর্দায় রোমান্টিক দৃশ্যে অভিনয় করেছি। অনেকে সেটাকেও বাস্তবের রোমাঞ্চ বলে বেড়িয়েছেন। এমনও শুনেছি, আমি নাকি সিয়ামের বিয়ের দিন ঘুমের ট্যাবলেট খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছি! কিন্তু বিষয়টি কি সত্যি হয়েছে? এমন তো না আমি অনেক কাজ করে ফেলেছি, আমার ক্যারিয়ার এখন নেই। তাই প্রেম, বিয়েশাদি করে চলে যাব।’

পূজা আরও বলেন, ‘আমি যে শাকিব খানের সঙ্গে প্রেম করছি, কেউ কি দেখেছেন? কেউ কি দেখেছেন, আমি ও শাকিব খান একসঙ্গে কোনো রেস্তোরাঁয় বসে খাচ্ছি বা হাত ধরে আমরা হাঁটছি?’
গুঞ্জন ছড়ানোর পেছনের কারণ নিয়ে পূজা বলেন, ‘আমি সাড়ে চার বছর একটা প্রযোজনা প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। ওই প্রতিষ্ঠান থেকে বের হওয়ার পর থেকেই আমাকে নিয়ে এসব গুজব ছড়ানো হচ্ছে। করতে থাকুক। এখন কিছু আর বলব না। আমার ধৈর্যের সীমা অতিক্রম করলে তখন মুখ খুলব।’
