মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তিতে আন্তঃ প্রাথমিক বিদ্যালয়ের দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এটি অনুষ্ঠিত হয়। উপলতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা কাজল রানীর সভাপতিত্বে ও শাহরাস্তি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তারুজ্জামানের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান মিন্টু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ মোশারফ হোসেন পাটওয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগম, পৌর আওয়ামী লীগের আহবায়ক রেজাউল করিম মিন্টু। এ সময় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সুভাষ চন্দ্র মাধু, মোঃ শামীম হোসেন প্রমুখ সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা ক্ষেত্রে আওয়ামী লীগ সরকার অগ্রণী ভূমিকা পালন করছে। সবার জন্য শিক্ষা, সরকারের এ শ্লোগানকে সামাজিক আন্দোলনের মাধ্যমে সু-প্রতিষ্ঠিত করে সবার মাঝে শিক্ষাকে ছড়িয়ে দিতে হবে। সরকার প্রাথমিক, মাধ্যমিক সহ সকল স্তরের শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। সে সুযোগকে কাজে লাগিয়ে সকল ভেদাভেদ ভুলে সবাইকে শিক্ষা গ্রহণ করতে হবে। সে ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকল স্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।
আয়োজক সূত্রে জানা যায়, শাহরাস্তি পৌরসভার ১২টি প্রাথমিক সরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নেয়। এতে বিভিন্ন ইভেন্টে বিজয়ী দেড় শতাধিক শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের অতিথিবৃন্দ।
ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতায় সার্বিক সহযোগিতায় ছিলেন মোঃ হুমায়ন কবির সহ অন্যান্য শিক্ষকমন্ডলী।
