মোঃ জামাল হোসেন ॥
শাহরাস্তি উপজেলা প্রশাসনের অধীন সরকারি বিভিন্ন কার্যালয়ে ট্যাবলেট পিসি বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেন তাঁর কার্যালয়ে এ পিসি বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছাঃ জেসমিন আকতার বানু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. দুলাল চন্দ্র ঘোষ, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক মামুন, উপজেলা প্রকৌশলী মোঃ হাবিব আহসান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাশেদুজ্জামান চৌধুরী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলী আশ্রাফ খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ নূরুজ্জামান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লুৎফা ইয়াছমীন, পল্লী বিদ্যুৎ সমিতির শাহরাস্তি জোনাল অফিসের ডিজিএম মোঃ ফখরুদ্দিন প্রমুখ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের অধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের তত্ত্বাবধানে ডেভেলপমেন্ট অব ন্যাশনাল আইসিটি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো-সরকার) প্রকল্পের আওতায় সারাদেশের ন্যায় শাহরাস্তি উপজেলায়ও ট্যাবলেট পিসি বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা এ ট্যাবলেট পিসির ব্যবহার ও সংরক্ষণের উপর গুরুত্ব দিয়ে বলেন, কর্মকর্তাগণ তাদের দৈনন্দিন দাপ্তরিক কর্ম সম্পাদন ও অন্যান্য কাজে ট্যাবলেট পিসি বিতরণ করবেন। প্রকল্প চলাকালীন ট্যাবলেট পিসিতে ব্যবহৃত সিমের বিল (যদি প্রকল্প অফিস থেকে সিম সরবরাহ করা হয়ে থাকে) প্রকল্প থেকে পরিশোধ করা হবে। পরবর্তীতে বিল স্ব স্ব অফিস থেকে পরিশোধ করতে হবে। ট্যাবলেট পিসি নিরাপত্তার সাথে যথাযথভাবে ব্যবহার করতে হবে। ট্যাবলেট পিসি এবং সরঞ্জামাদির সুষ্ঠু ব্যবহার, সংরক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং অফিসের ব্যবস্থাপনায় রক্ষণাবেক্ষণ করতে হবে। ট্যাবলেট পিসি হারিয়ে গেলে নিকটবর্তী থানায় জিডি করতে হবে এবং নির্বাহী পরিচালক, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলকে, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী অফিসারকে অবহিত করবেন এবং কারো অবহেলার কারণে হারিয়ে গেলে তিনি ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন।
