ফরিদগঞ্জ ব্যুরো
শুক্রবার রাত ৮টার দিকে ফরিদগঞ্জ থানা পুলিশ জহির হোসেন (৩৪) ও জহিরুল ইসলাম মোল্লা (৩২) নামে দু যুবলীগ নেতাকে আমেরিকার তৈরি একটি বিদেশী পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ আটক করেছে। জহির হোসেনের কাছ থেকে পুলিশ পিস্তলটি উদ্ধার করে বলে থানা পুলিশ জানায়। তার বিরুদ্ধে লক্ষ্মীপুর জেলায় হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। সে ফরিদগঞ্জ উপজেলার ফকির বাজার এলাকার জিআরপি নামে একটি ব্রিক ফিল্ডের অংশীদার।
থানা পুলিশের এসআই সফিউল আজম ও জুয়েল চৌধুরীর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার রূপসা বাজারে মোটর সাইকেল চেকিংয়ের সময় অস্ত্রসহ তাদের আটক করে। আটককৃত জহিরুল ইসলাম মোল্লার বাড়ি উপজেলা ঘনিয়া গ্রামে এবং জহির হোসেনের বাড়ি রায়পুরের দেনায়েতপুর গ্রামে। তবে আটককৃত উভয় যুবক যুবলীগের রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে। থানা পুলিশের ওসি নাজমুল হক পিস্তল ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটকের কথা স্বীকার করেছেন।
