শাহরিয়ার খান কৌশিক
চাঁদপুরের সাবেক এমপি জিএম ফজলুল হকের ছোট ভাই আব্দুল হক ঢাকা গাজীপুর থেকে চাঁদপুরে আসার পথে চিটাগং রোডে দুর্বৃত্তদের হাতে খুন হয়। রাস্তার পাশ থেকে সোনারগাঁও থানা পুলিশ লাশ উদ্ধার করে পরিচয় না পেয়ে বেওয়ারিশ হিসেবে দাফনের জন্য আঞ্জুমানের কাছে হস্তান্তর করে। নারায়ণগঞ্জ চাষারা কবরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে দাফন করা হয়। জিএম ফজলুল হকের ভাই নিখোঁজের পর ঢাকাসহ বিভিন্ন স্থানে খোঁজা-খুঁজির পর গত ২০ জানুয়ারি সোনারগাঁও থানায় গিয়ে তার কাপড় ও ছবি দেখে সনাক্ত করে পরিবারের লোকজন।
গতকাল শুক্রবার সকাল ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ৬দিন পর কবর থেকে লাশ উত্তোলণ করে চাঁদপুর নিজ বাড়িতে নিয়ে আসা হয়। বিকালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়। গত ১৮ জানুয়ারি রাতে চাঁদপুরে আসার পথে সিএনজি থেকে নামিয়ে দুর্বৃত্তরা শ্বাসরুদ্ধ করে হত্যা করে মদনপুর এলাকায় ব্রিজের নিচে রাস্তার পাশে ফেলে রেখে পালিয়ে যায়। জানা যায়, ১৯ জানুয়ারি দুপুরে পথচারীরা রাস্তার পাশে আবদুল হকের লাশ পড়ে থাকতে দেখে সোনারগাঁও থানা পুলিশকে অবহিত করে। পরে পুলিশ ঐ দিন বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশটির ময়নাতদন্ত শেষে ২০ জানুয়ারি আঞ্জুমানের কাছে হস্তান্তর করার পর তারা লাশটি বেওয়ারিশ হিসেবে দাফন করে। ঘটনার দিন আব্দুল হক তার বড় ভাই সাবেক এমপি জিএম ফজলুল হকের গাজীপুরের ফুয়াং থাই কোম্পানীর ফ্যাক্টরী থেকে ট্রান্সপোর্ট যোগে চিটাগং রোডে আসে। সেখান থেকে সে সিএনজিতে উঠে দাউদকান্দি ব্রিজে আসার উদ্দেশ্যে রওয়ানা হয়। তার উদ্দেশ্যে ছিলো দাউদকান্দি ব্রিজ থেকে সিএনজি যোগে সহজ পথে মতলব উত্তর দিয়ে চাঁদপুরে আসার। কিন্তু তিনি মদনপুর আসার পর রাতে দুর্বৃত্ত ও ছিনতাইকারীরা সিএনজিটি গতিরোধ করে তার সাথে থাকা মোবাইল ও নগদ অর্থসহ মালামাল ছিনিয়ে নিয়ে শ্বাসরূদ্ধ করে হত্যা করে রাস্তার পাশে পেলে পালিয়ে যায়। আব্দুল হক ছিলেন ফুয়াং থাই কোম্পানীর ট্রান্সপোর্ট ম্যানেজার। তিনি চাঁদপুর শহরে গুয়াখোলা রোডে স্বপরিবারে বসবাস করতেন। তিনি স্ত্রী, ১ ছেলে ও ২ মেয়ে রেখে মারা যান। তার মৃত্যুর খবর শুনে পবিরারের মাঝে শোকের ছায়া নেমে আসে। গতকাল তাকে চাঁদপুর আনার পর হাজার হাজার মানুষ এসে তার গ্রামের বাড়িতে জড়ো হয়। এ সময় বাহাদুরপুরের পীর সাহেবের ছেলে তার জানাজা নামাজ পড়ান। জানাজায় চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান মোঃ সফিকুজ্জামান, গুয়াখোলা এলাকার কাউন্সিলর হোসেন গাজী, অ্যাডঃ জসিম মেহেদী, মাইনুদ্দিন মানু, মোঃ তাহের, জুয়েল, শাহজাহান, হাবীব গাজীসহ বিএনপি নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সাবেক এমপি ব্যবসায়ীক কাজে বিদেশে অবস্থান করায় তার ভাইয়ের জানা যায় অংশগ্রহণ করতে পারেনি।
