মানিক দাস ॥
চাঁদপুর সদর উপজেলা ১০নং লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের গাজীর পুল এলাকায় মাছের পিকআপে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে গত ১৭ ফেব্র“য়ারি ভোররাত ৫টায়। জানা যায়, নরসিংদী জেলার কোদালিয়া গ্রামের আব্দুল আজীজের ছেলে পিকআপ চালক মোঃ অলিউল্যা (২২) ২০/২৫টি ড্রাম বোঝাই মাছ বিক্রির উদ্দেশ্যে চাঁদপুর আসে। প্রথমে বাগাদী চৌরাস্তা, ভাটিয়ালপুর ও চান্দ্রা চৌরাস্তা এলাকার নূর মোহাম্মদকে ঐ মাছ সরবরাহ করে হরিনা ফেরিঘাট হয়ে চাঁদপুরে প্রবেশ করছিলো। ভোররাত ৪টা ৪৫ মিনিটে পিকআপটি লক্ষ্মীপুর ইউনিয়নের গাজীর পুল এলাকায় আসলে রাস্তার পাশে ঝোপে লুকিয়ে থাকা ৫-৬জন যুবক রাস্তার উপর ড্রেজারের পাইপ ফেলে গতিরোধ করে। তারা চালক ও হেলপারের চোখে চার্জার লাইটের আলো ধরে রাখে। একপর্যায়ে ঐ ৬ যুবক গাড়ির চালক অলিউল্যাহ ও হেলপার ছলেমানকে পিকআপ থেকে (ঢাকা মেট্টো ন ১১-৩৩৯৫) নামিয়ে বেদমভাবে মারধর করে একপর্যায়ে তারা পিকআপটিতে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঐ যুবকদেরকে হেলপার ছলেমান বাধা দিলে তারা ছলেমানের উপর পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়ার চেষ্টা করে। এসময় ছলেমান যুবকদেরকে ধাক্কিয়ে রাস্তার পাশের খাদে লাফিয়ে পড়ে কোনোমতে সে দুর্বৃত্তদের আগুনের হাত থেকে নিজেকে রক্ষা করে। এতে করে পিকআপটির ইঞ্জিনসহ পুরো গাড়িটি আগুনে ভস্মিভূত হয়ে যায়। চালক অলিউল্যাহ জানান, আগুন দেয়ার সাথে সাথে ডাক-চিৎকার দিলে স্থানীয় লোকজন আগুন নেভাতে না এসে দূরে দাঁড়িয়ে থাকে। অলিউল্যাহ ও হেলপার ছলেমান পানি এনে আগুন নেভানোর চেষ্টা করলে ততক্ষণে গাড়িটি পুড়ে ভষ্মিভূত হয়ে যায়। ডাক-চিৎকারে লোকজন আসার চেষ্টা করলেও কাছে ভিড়তে পারেনি। দূর থেকেই তা অবলোকন করে। দুর্বৃত্তরা দৌঁড়ে নদীর পাড়ের দিকে পালিয়ে যায়।
চাঁদপুর মডেল থানার উপ-পরিদর্শক আবু সাঈদ খবর পেয়ে সঙ্গীয় সদস্যদের ঘটনাস্থলে ছুটে যান। দুপুরে নরসিংদী থেকে পিকআপের মালিক চাঁদপুরে ছুটে এসে ভস্মিভূত গাড়িটি দেখে যান। এ ব্যাপারে চাঁদপুর মডেল থানায় মামলার প্রস্তুতি নেয়া হয়েছে।
