মোঃ জামাল হোসেন ॥ শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান আওয়ামীলীগ সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। বিগত সরকারগুলো সে হিসেবে এমন গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেনি। প্রাথমিক শিক্ষাকে যুযোপযোগী আধুনিক ভাবে গড়ে তুলতে সরকার রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের ২৭ হাজার শিক্ষককে জাতীয়করণ, প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়ন, উন্নত আসবাবপত্র, প্রাথমিক বিদ্যালয়গুলোকে মাল্টিমিডিয়া প্রজেক্টরের আওতায় আনা, প্রাথমিক শিক্ষকদের সকল প্রদেয় সুবিধা বৃদ্ধি সহ প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারের বিভিন্ন সাফল্যের কথা তুলে ধরেন। নিজমেহার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের ১নং সেক্টর কমান্ডার ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীরউত্তম এম.পি উপরোক্ত কথাগুলো বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কাউছার হোসেনে সভাপতিত্বে ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন মিয়াজী, সংসদ সদস্যের উন্নয়ন সমন্বয় কমিটির আহবায়ক হাজী আবদুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা রাহেলা বেগম, মডেল থানার অফিসার ইনচার্জ মুজাম্মেল হক মামুন, শাহরাস্তি প্রেস ক্লাব সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা কাজী হুমায়ুন কবির, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আব্দুর রহিম দেওয়ান প্রমুখ।
অনুষ্ঠানের পৃষ্ঠপোষকতায় ছিলেন শহীদ ফজলুর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান বিজয়।
আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৩ শতাধিক ছাত্রছাত্রীকে পুরস্কৃত করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, ছাত্র-ছাত্রী, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
