শাহরাস্তি প্রতিনিধি ॥ শাহরাস্তি উপজেলা
র টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর স্বর্ণকারপাড়ার মেম্বার বাড়ীর বীর মুক্তিযোদ্ধা, শিক্ষানুরাগী, দানবীর মরহুম হাজী আলী আক্কাছের স্মরণে শোক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর এলাকাবাসীর উদ্যোগে হোসেনপুর বাজার এলাকায় এ শোক সভা অনুষ্ঠিত হয়। আব্দুল করিমের সভাপতিত্বে ও শাহ আলমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন মোঃ আব্দুস ছালাম, মোঃ সিদ্দিকুর রহমান মাষ্টার, মোঃ নূরুল ইসলাম মাষ্টার, মোঃ ওয়ালী উল্লাহ, হাজী সেফায়েত উল্লাহ, ডা. মোঃ কামাল হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ। সভায় বিভিন্ন বক্তা মরহুমের জীবনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন।
প্রসঙ্গতঃ বীর মুক্তিযোদ্ধা হাজী আলী আক্কাছ দীর্ঘদিন যাবৎ ক্যান্সার রোগে ভোগছিলেন। অবশেষে গত ২৪ জানুয়ারী ঢাকা ইউনাইটেড হসপিটালে রাত সাড়ে ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন। তিনি বাণিজ্য ও নৌ-অধিদপ্তরের সাবেক প্রিন্সিপাল অফিসার ছিলেন। এছাড়াও তিনি হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
এদিকে ২৭ জানুয়ারী মঙ্গলবার মরহুমের নিজ বাড়ীতে কোরআন খতম, কবর জিয়ারত, মিলাদ-মাহফিল শেষে কুলখানি অনুষ্ঠিত হয়। কুলখানীতে স্থানীয় মুক্তিযোদ্ধা, হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীরা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
