নিজস্ব প্রতিনিধি ॥ ফরিদগঞ্জ থানা পুলিশ পিস্তলের দুই রাউন্ড গুলি , ১ রাউন্ড গুলির খোসা উদ্ধারসহ আজিজ ও শিপন নামে দু’ যুবককে আটক করেছে । শনিবার রাত ৯টায় থানা পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে টাকা লেনদেনের বিষয় নিয়ে শালিশী বৈঠকের সময় কথা কাটাকাটিকে কেন্দ্র দুই গ্রুপের মধ্যে সংঘর্র্ষের এক পর্যায়ে প্রতিপক্ষকে সাহাবুদ্দিন গংদের লক্ষ্য করে গুলি করে সরকার দলীয় নেতা পরিচয় দেয়া আজিজ ও শিপন। এই ঘটনায় বিক্ষুদ্ধ লোকজন আজিজের মোটর সাইকেল ভাংচুর করে শনিবার দুপুরে সাহাবুদ্দিন গ্রুপের একজন সিএনজি স্কুটার চালক সাদ্দামকে চান্দ্রা-রামগঞ্জ সড়কে আজিজ ও শিপন আটক করে বেদম মারধর করে একপর্যায়ে লোকজন তাদের আটক করে থানা পুলিশকে সংবাদ দিলে পুলিশ আজিজ ও শিপনকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এদিকে থানা পুলিশ সূত্র জানায়, শুক্রবার রাতে গুলির ঘটনায় এলাকাবাসী ঘটনাস্থল থেকে এ পি ৭.৬৫ পিস্তলের দুই রাউন্ড গুলি এবং অটো ৩২ পিস্তলের এক রাউন্ড গুলির খোসা উদ্ধারের পর থানা পুলিশ তা উদ্ধার করে। এছাড়া সাদ্দামের সিএনজি স্কুটারটি (চাঁদপুর -থ -১১-৫৫০৬)কে উদ্ধার করা হয়েছে। ফরিদগঞ্জ থানার ওসি নাজমুল হক জানান, গুলির ঘটনার প্রেক্ষিতে আটককৃতদের কাছ থেকে তথ্য এবং এলাকায় অনুসন্ধান চালিয়ে অস্ত্র উদ্ধারের চেষ্টা চলছে।
