শেখ আল মামুন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মোটর সাইকেলে এক সাথে দু’জন বা তার চাইতে বেশি আরোহী আরোহন করতে পারবে না। গত ২১ জানুয়ারি সচিবালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সম্পর্কিত মন্ত্রীসভা কমিটিতে ওই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সে অনুযায়ী গত ২২ জানুয়ারি বৃহস্পতিবার সড়ক ও সেতু মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। একটি সূত্র থেকে জানা যায়, বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা অনির্দিষ্টকালের অবরোধ-হরতাল চলাকালীন গণপরিবহনে অগ্নিসংযোগ, ভাংচুর, ককটেল বিস্ফোরণসহ নাশকতামূলক বিভিন্ন ঘটনার সাথে হোন্ডা বা মোটর সাইকেলের সম্পৃক্ততা প্রমাণিত হবার প্রেক্ষিতে সরকার এ ধরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে।
এ বিষয়ে চাঁদপুর জেলা পুলিশ সুপার মোঃ আমির জাফরের সাথে আলাপকালে তিনি জানান, জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দু’-একদিনের মধ্যে স্থানীয় মোটরসাইকেল চালকদের এ বিষয়ে সচেতন করার কাজ শুরু করা হবে।
