মোঃ জামাল হোসেন ॥ শাহরাস্তিতে ভ্রাম্যমান আদালতে জামায়াত শিবিরের ৪ নেতাকর্মীকে আর্থিক জরিমানা করে ছেড়ে দেওয়া হয়েছে। গত বুধবার বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের আদালতে এ রায় দেয়া হয়। উপজেলা নির্বাহী অফিস সূত্রে জানা যায়, জামায়াত শিবিরের নেতৃত্বে বুধবার সকাল সাড়ে ৭ টায় দোয়াভাঙ্গা এলাকায় ২০ দলীয় জোটের টানা অবরোধ ও হরতালের সমর্থনে মিছিল শেষে বাড়ী ফেরার পথে ৪ জামায়াত শিবিরের নেতাকর্মীকে আটক করে শাহরাস্তি মডেল থানা পুলিশ। আটককৃতরা হচ্ছে, হোসেনপুর গ্রামের আব্দুল করিমের পুত্র জামায়াত নেতা আবুল হাসেম (৬২), কুরকামতা গ্রামের আব্দুল হাইয়ের পুত্র ছাত্র শিবির নেতা সাইফুদ্দিন (২০), আয়নাতলী গ্রামের মৃত সৈয়দ আহমেদের পুত্র নাইম হোসেন (১৭) ও সাহাপুর গ্রামের মৃত ইমাম হোসেনের পুত্র মাসুদ আলম (৩০)। আটককৃতদের বিকাল ৪ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম কাউছার হোসেনের ভ্রাম্যমান আদালতে হাজির করলে প্রত্যেককে ৫ হাজার টাকা করে ৪ জনকে ২০ হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেওয়া হয়।
