চৌধুরী ইয়াসিন ইকরাম,
চাঁদপুর সদর উপজেলার ঘোষের হাট এলাকায় পিকেটারদের পেট্রোল বোমায় অগ্নিদগ্ধ হয়ে চলন্ত ট্রাক থেকে নামতে গিয়ে মোতালেব হোসেন (৪০) নামের এক হেলপার চাকায় পিষ্ট হয়ে নিহত হয়েছেন। বুধবার রাত পৌনে ১২টার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় এ ঘটনা ঘটে। টাইল্স বোঝাই ট্রাকটি নারায়ণগঞ্জ থেকে চাঁদপুর আসছিলো।
নিহত মোতালেবের বাড়ি চট্টগ্রামের পাহাড়তলী এলাকায়। এসময় ট্রাকের ড্রাইভারসহ অন্যান্যরা ট্রাক থেকে লাফিয়ে নেমে যায়।
এ ঘটনায় জেলা বিএনপি’র আহবায়ক শেখ ফরিদ আহমেদ মানিকসহ ২২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৩০/৩৫ জনকে আসামি করে চাঁদপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
টাইল্সের মালিক কাজী আশ্রাফুল ইসলাম মাসুদ ও পুলিশ জানায়, নারায়ণগঞ্জ থেকে টাইলস নিয়ে ট্রাকটি চাঁদপুরের মতলব দক্ষিণ এলাকায় আসছিলো। পথিমধ্যে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের ঘোষেরহাট এলাকায় ট্রাকটি এলে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে হেলপার মোতালেবের গায়ে আগুন ধরে গেলে সে জীবন বাঁচাতে ট্রাকের বামদিক দিয়ে লাফিয়ে পড়ে। কিন্তু চলতি ট্রাকের পেছনের চাকার নিচে পড়ে তার মাথা থেতলে যায়। ঘটনাস্থলেই সে মারা যায়।
অপরদিকে ট্রাক ড্রাইভার ও টাইল্সের মালিক ট্রাকের ডান দিক দিয়ে লাফিয়ে পড়ে জীবন রক্ষা করতে সক্ষম হন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মোতালেবের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ্
এদিকে এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ জেলা ছাত্রদলের সাবেক সেক্রেটারী কাজী মো. ইব্রাহিম জুয়েল, ও সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টারসহ ৭জনকে আটক করেছে। এছাড়াও নাশকতার অভিযোগে ফরিদগঞ্জে ২ জন, হাজীগঞ্জে ৩ জন ও মতলব দক্ষিণে ১জনকে আটক করে পুলিশ।
চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাইয়ুম বিষয়টি নিশ্চিত করে বলেন, লাশ উদ্ধার করে বৃহস্পতিবার দুপুরে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তার স্বজনরা আসলে লাশ হস্তানন্তর করা হবে। এ ঘটনায় সম্পৃক্তদের ধরতে পুলিশের অভিযান অব্যহত রয়েছে বলে তিনি জানান।
