সাইফুল ইসলাম-
ইরি-বোর ও শীতকালীন সবজির মৌসুমে হাজীগঞ্জ পৌর ৩নং ওয়ার্ডের বিলওয়াই গ্রামের উত্তর মাঠে ২৫ একর কৃষি জমি পানির নিচে থাকায় ফসল আবাদ করতে পারছেন না কৃষকগণ। কৃষি জমিগুলোতে জলাবদ্ধতা ও সরকারী খালের পানি নিস্কাশনের কোন ব্যবস্থা না থাকায় এবং সরকারি খালের উপর অপরিকল্পিত ভাবে রাস্তা তৈরি করা ও রাস্তার নিচ দিয়ে ড্রেজিং এর ভালো ব্যবস্থা না থাকার কারণে বর্ষা শেষ হওয়ার পরও জমি গুলোতে এখনো পর্যন্ত হাটু পানি থাকায় কৃষকগণ মৌসুম শুরু হওয়ার পরও এ বছর উক্ত জমিগুলোতে ইরি-বোরো চারা রোপন ও বিগত বছরের মত অর্থকারী ফসল সরিষা, আলু, গম, লাউ, কুমড়া আবাদ করা থেকে বঞ্চিত হচ্ছেন। যার কারণে দেশের খাদ্য অভাব দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে। বিলওয়াই গ্রামের জমির মালিক মো. শাহ্জাহান, বিল্লাল হোসেন, শাহ্আলম ও কৃষক আব্দুল মালেক, সেলিম বকাউল, দেলোয়ার হোসেন, কপিল উদ্দিন, ইকবাল হোসেন এ প্রতিবেদনকে বলেন, পৌর এলাকার কৃষি জমিগুলোতে চাষাবাদ হচ্ছে। কিন্তু আমরা এখানো জমিতে জলাবদ্ধতা থাকার কারণে কোন প্রকার চাষাবাদ করতে পারছি না।
এ ব্যাপারে স্থানীয় কাউন্সিলর এর সাথে আলাপ করলে তিনি জলাবদ্ধতার কথা স্বীকার করে বলেন উক্ত জমিগুলো উচু-নিছু থাকার কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। উক্ত মাঠের ইরি-বোরো স্কীমের ম্যানেজার আবু ইউছুফ এর সাথে আলাপ করলে তিনি বলেন, আমি ব্যক্তিগতভাবে যাদের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তাদেরকে পানি নিস্কাশনের জন্য রাস্তার নিচ দিয়ে ড্রেনেজ ব্যবস্থা করার অনুরোধ করছিলাম।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, যেভাবে প্রভাবশালী মহল ড্রেজার দিয়ে খনন ও খাল ভরাট করে দিনের পর দিন বিভিন্ন কাজে ব্যবহার করছে তার জন্য বর্ষার পানি ও সেচের পানি আটকে যাচ্ছে। কৃষক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে। সঠিক সময়ে কৃষি জমিতে ফলন উৎপাদন করতে পাচ্ছে না। তাদের বিরুদ্ধে প্রদক্ষেপ নিয়েও কোন সুরাহ করা যায়নি।

