
মো. দ্বীন ইসলাম :
চাঁদপুরের মতলব উত্তরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি’র ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেইজবুক) অপপ্রচার চালানোয় এক যুবকের বিরুদ্ধে ৫৭ ধারায় মামলা করা হয়েছে। তার নাম মুক্তার হোসেন। অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়ে তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, উপজেলার উত্তর ফতেপুর গ্রামের মো. মকবুল হোসেন প্রধানের ছেলে মো. মুক্তার হোসেন প্রধান (৩৯) তার নিজ নামীয় ফেইজবুক আইডিতে গত ২৮ আগস্ট প্রধানমন্ত্রী, খাদ্যমন্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর ছবি বিকৃত করে পোস্ট করেন। লুধুয়া গ্রামের যুবলীগ নেতা বাদশা মিয়া ওই ছবি দেখে পুলিশকে খবর দেন। পুলিশ মকবুলকে ওইদিনই আটক করে। এর পর বিষয়টি পুলিশের বিশেষ পর্যবেণে রাখে। গত ৩০ আগস্ট যুবক মুক্তার হোসেনকে আসামি করে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন ২০০৬ (সংশোধনী/২০১৩)-এর ৫৭(২) ধারায় মামলা দায়ের করা হয়।
মামলার বাদী ফতেপুর পূর্ব ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক ইলিয়াছ প্রধান বলেন, ফেইজবুকে ছবিগুলো দেখে প্রথমে বাদশা মিয়া ও আমি থানা পুলিশকে ইনফর্ম করি। এর পর পুলিশ তদন্ত করে মুক্তারকে আটক করে। বিষয়টি নিয়ে আমি খুব মর্মাহত। বিভিন্ন ভাবে জানতে পেরেছি, এর আগেও গত ২০১৫ সালে মুক্তার তার আইডিতে এ ধরনের ছবি পোস্ট করেছিল।
মতলব উত্তর থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন বলেন, আসামিকে আদালতে পাঠানো হয়। মামলা তদন্ত চলছে। তদন্ত শেষ হলে চার্জশিট দেওয়া হবে। ওসি মো. আনোয়ারুল হক বলেন, এটা একটা মারাত্মক অপরাধ। তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭(২) ধারায় মামলা করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) সাব-ইন্সপেক্টর (এসআই) মোবারক হোসেন জানান, মামলা তদন্তের স্বার্থে আসামিকে ৭ দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।
