স্টাফ রিপোর্টার ॥
চাঁদপুরে মেঘনা নদীতে গত এক মাসের অভিযানে বিপুল পরিমাণ জাটকা ও কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড। অভিযানে ১৮ হাজার ৪শ’ ৬০ কেজি জাটকা ও ১ কোটি ৩ লাখ ৪৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। এছাড়াও অভিযানকালে ৫ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ২টি ইঞ্জিন চালিত নৌকা, ২২ লাখ টাকা মূল্যের ২টি ট্রাক ও পিকআপ ভ্যান এবং ৬ ব্যক্তিকে আটক করা হয়।
বৃহস্পতিবার সকালে গণমাধ্যম কর্মীদের সাথে মতবিনিময়কালে কোস্টগার্ডের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন কোস্টগার্ড স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট মো. হাবিবুর রহমান, জেলা মৎস্য কর্মকর্তা মো. সফিকুর রহমান, চাঁদপুর টেলিভিশন সাংবাদিক ফোরামের সম্পাদক জি এম শাহীন প্রমুখ।
