চৌধুরী ইয়াসিন ইকরাম,চাঁদপুর থেকে
গত বৃহস্পতিবার ভোরের দিকে চাঁদপুর শহরের বড়ষ্টেশন এলাকায় অপেক্ষমান চাঁদপুর থেকে চট্টগ্রামগামি আন্তঃনগর মেঘনা ট্রেনের একটি বগিতে দুর্বৃত্তরা আগুন দিয়েছে। ট্রেনটি প্রতিদিন ভোর ৫ টায় চাঁদপুর থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে যায়। চট্টগ্রাম যাবার আগে রাত আনুমানিক তিনটার দিকে ওয়াশপিট থেকে এটি পরিস্কার করে স্টেশনের সামনে এনে রাখা হয়েছিল। এ সময় চাঁদপুর রেল থানার ঠিক সামনে থাকা মাঝের দিকের একটি বগির ভেতরে অজ্ঞাত দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে তাতে আগুন ধরিয়ে দেয়। আগুন শোভন শ্রেণির ৪৮ থেকে ৫১ নম্বর পর্যন্ত চারটি আসনে ছড়িয়ে পড়ে। রেলের ওয়াশপিটের কর্মচারীরা বগিগুলোর সংযোগ পরীক্ষা করতে এলে আগুনের বিষয়টি টের পেয়ে দ্রুত তা নিয়ন্ত্রণে আনে। ফলে বড় ধরণের কোন বিপর্যয় ঘটেনি। পরবর্তীতে খবর পেয়ে রেলের অন্যান্য কর্মকর্তরা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা দুর্ঘটনার শিকার ২০২৪ নম্বর বগি পরিদর্শণ করেন। অবশ্য এ কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা না হলেও ক্ষতিগ্রস্থ বগিটি রেখে নির্ধারিত সময়ের এক ঘন্টা পর সকাল ৬ টায় ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশ্যে চাঁদপুর ছেড়ে যায়। উল্লেখ করা প্রয়োজন, ট্রেনে মোট বগি ছিল ১৪টি। এর যাত্রী ক্যাপাসিটি প্রায় সাড়ে ৭শ।
