রোববার চাঁদপুর জেলায় সকাল-সন্ধ্যা হরতাল
চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম পাটওয়ারী ও সেক্রেটারী মাওঃ বিল্লাল হোসাইন মিয়াজীসহ জোটের নেতা-কর্মীদের গ্রেফতার ও মিথ্যা মামলার প্রতিবাদে আগামীকাল রোববার চাঁদপুর জেলার সর্বত্র সকাল-সন্ধ্যা হরতালের কর্মসূচি ঘোষণা করেছে চাঁদপুর জেলা ২০ দলীয় জোট নেতৃবৃন্দ। এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০ দলীয় জোটের নেতা এএইচ আহমদ উল্যাহ মিয়া, শেখ ফরিদ আহমেদ মানিক, অ্যাডঃ সলিমুল্লাহ সেলিম বলেন, এদেশের ১৬ কোটি মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠার চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলনে স্বৈরাচারী আওয়ামী সরকার চরম জুলুম-নির্যাতন, সন্ত্রাস, হত্যা ও নৈরাজ্য চালাচ্ছে। এদেশের শান্তিপ্রিয় জনগণকে রাষ্ট্রীয় বাহিনীর মুখোমুখি দাঁড়াতে বাধ্য করেছে। গণআন্দোলনে দিশেহারা হয়ে সরকার বন্দুকযুদ্ধের নিষ্ঠুর নাটক করছে। প্রতিটি হত্যাকাণ্ডের জন্য ক্ষমতাসীনদেরকে অবশ্যই একদিন বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে। নেতৃবৃন্দ বলেন, রাষ্ট্রীয় বাহিনীর উপর নির্ভর করে গায়ের জোরে বেশিদিন ক্ষমতায় টিকে থাকা যায় না। অবৈধ স্বেরাচারী সরকারের পতন নিশ্চিত করার জন্য গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। হত্যা, সন্ত্রাস ও জুলুম নির্যাতন বন্ধ করে অবিলম্বে পদত্যাগ করে একটি অবাধ গ্রহণযোগ্য নির্বাচনের জন্য নেতৃবৃন্দ সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানান। একই সাথে ২০ দলীয় জোটের চলমান গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন জোরদার করার জন্য জনগণের প্রতি আহ্বান জানান।
চাঁদপুর জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মাওঃ আব্দুর রহিম পাটওয়ারী, সেক্রেটারী মাওঃ বিল্লাল হোসাইন মিয়াজীসহ জোটের নেতা-কর্মীদের গ্রেফতারের প্রতিবাদে উপরোক্ত নেতৃবৃন্দ আগামী ২৫ জানুয়ারি রোববার জেলার সর্বত্র সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি সফল করার জন্য চাঁদপুর জেলাবাসীর প্রতি আহ্বান জানান।
