ফরিদগঞ্জ উপজেলার দত্তশোল্লা গ্রামে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট আগুনে ৮টি বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে। গত বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে। এ সময় আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন ৩ জন। এতে করে অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের মুসলিম বেপারীর বসত ঘরের ভিতরে থাকা গ্যাস সিলিন্ডারটি হঠাৎ করেই বিস্ফোরিত হয়ে আগুনের সূত্রপাত হয়। এতে এক এক করে ওই বাড়ির মুসলিম বেপারী, মানু মিয়া বেপারী, খালেক বেপারী, মালেক বেপারী, খোকন বেপারী, হারুন বেপারী, বাবুল বেপারী, মিজান বেপারীর বসত ঘর সম্পূর্ণ পুড়ে ভস্মীভূত হয়ে যায়।
এসময় আগুন নিভাতে গিয়ে মুসলিম বেপারী মেয়ে ফেরেদৌসি (১৯), নাতনি নারগিস এবং মাসুদ (২০) সহ আরো একজন গুরুতর আহত হয়েছে । তাদেরকে চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অগ্নিকান্ডের ঘটনায় অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
