কচুয়া-গৌরীপুর-ভায়া-সাচার সড়কে সাচার বাজার থেকে ২ কি.মি দক্ষিণে শিমুলতলা নামক স্থানে আবারো দুর্ধুষ ডাকাতির ঘটনা ঘটেছে। গত ১৩ জানুয়ারী কচুয়া উপজেলার সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র দাস তার শেলক ইরাক প্রবাসী স্বপন মজুমদারকে নিয়ে রাত সাড়ে ১০টার দিকে শাহজালাল বিমান বন্দর থেকে একটি মাইক্রো যোগে গ্রামের বাড়ী নোয়াখালীর চাটখিল উপজেলার কাচারি বাজার গ্রামের উদ্দেশ্যে রওয়ানা হয়। রাত সোয়া ১ টার দিকে কচুয়া উপজেলার চাংপুর শিমুলতলী এলাকায় আসলে মুখোশধারী ২০/২৫ জন ডাকাত সড়কের উপর গাছ ফেলে মাইক্রো বাসটি অবরোধ করে। ডাকাত দল মাইক্রো বাসের ড্রাইভার ও হেলপারসহ ৪ জন আরোহীকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে রক্তাক্ত যখম করে স্বপন মজুমদার ও দুলাল চন্দ্র দাসের সাথে থাকা সাড়ে ৫ হাজার ইউএসএ ডলার, ৮ হাজার ইরাকি দিনার ও নগদ ৩০ হাজার টাকাসহ প্রায় ৬ লক্ষ টাকার মালামাল ছিনিয়ে নেয়।
কচুয়া-গৌরিপুর সড়কে ক’দিন পর পর দুর্ধর্ষ ডাকাতির ঘটনা এখন যেন নিয়মে পরিণত হয়েছে। এ সড়ক ধরে রাতে যাত্রী সাধারণ চলাচলে নিরাপত্তা খুঁজে পাচ্ছে না। এদিকে উক্ত ডাকাতির ঘটনা স্বীকার করে কচুয়া থানার অফিসার ইনচার্জ দাবী করছে উক্ত সড়কে ডাকাতি ছিনতাই রোধে পুলিশের পক্ষ থেকে সর্বাত্ত্বক প্রচেষ্টা অব্যাহত আছে। এ ঘটনায় সিংআড্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও দোয়াটী গ্রামের অধিবাসী দুলাল চন্দ্র দাস বাদী হয়ে কচুয়া থানায় একটি সাধারণ ডায়রী (জিডি) দায়ের করেছেন।
