জিসান আহমেদ নান্নু,কচুয়া ॥
অলীয়ে কামেল হযরতুল আল্লামা শাহ মুহাম্মাদ ফায়েজ উল্লাহ শাজুলির (র.) প্রতিষ্ঠিত চাঁদপুর জেলাধীন কচুয়া উপজেলার শাজুলিয়া দরবার শরীফের ২ দিন ব্যাপী ৩৮তম বার্ষিক মাহফিল সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার বা’দ জোহর হতে শুরু হওয়া মাহফিলে সভাপতিত্ব ও আখেরি মুনাজাত পরিচালনা করেন, দরবার শরীফের গদ্দিনশীন পীর শাহ সুফী আল্লামা সাইয়্যেদ শাহ আবুল হাসান মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
শাজুলিয়া যুব কাফেলার ব্যবস্থাপনায় অনুষ্ঠিত মাহফিলে অন্যান্য কর্মসূচীর মধ্যে ছিল খতমে কুরআন, শাজুলিয়া শিল্পীগোষ্ঠী কর্তৃক ইসলামি সাংস্কৃতিক অনুষ্ঠান; মরহুম হযরত ফায়েজ উল্লাহ শাজুলির (র.) জীবন ও কর্ম শীর্ষক আলোচনা সভা’ তা’লিমে জিকির এবং দেশবরেণ্য পীর মাশায়েখ ও ওলামায়ে কেরামের ওয়াজ-নসিহত।
মাহফিলে শাজুলিয়া দরবার শরীফ পরিচালিত শাজুলিয়া একাডেমি বাংলাদেশ, শাজুলিয়া ব্লাড ব্যাংক, শাজুলিয়া ফাউন্ডেশন, শাজুলিয়া শিল্পীগোষ্ঠীসহ দশটি প্রতিষ্ঠান ও সংগঠনের সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমের উপর বিশেষ আলোকপাত করা হয়।
শনিবার বা’দ ফজর পীর সাহেব হুজুরের পরিচালনায় আখেরী মুনাজাত এবং তাবাররুক বিতরণের মাধ্যমে মাহফিলের কার্যক্রম শেষ হয়। আখেরি মুনাজাতে পীর সাহেব হুজুর বাংলাদেশ এবং বিশ্বের শান্তির জন্য বিশেষ দু’আ করেন। মাহফিলের শেষ দিনে কচুয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আইয়ুব আলী পাটওয়ারী, যুদ্ধকালীন কমান্ডার আব্দুর রশিদ পাঠান, কচুয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত সহকারী অ্যাড. শাহআলম ইকবাল, শাজুলীয়া দরবার শরীফের পরিচালক পীরজাদা শাহ্ মুহাম্মদ আতাউল্লাহ শাজুলী ও পীরজাদা নুরুল্লাহ শাজুলী সহ কয়েক হাজার ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।
কচুয়া ঃ শাজুলীয়া দরবার শরীফের ২দিন ব্যাপী মাহফিলের শেষ দিনে বয়ান করছেন, গদ্দিনশীন পীর শাহ সুফী আল্লামা সাইয়্যেদ শাহ আবুল হাসান মুহাম্মাদ রুহুল্লাহ শাজুলি।
