স্পোর্টস ডেস্ক :
তিন নম্বরে নেমে দুই ইনিংসেই ব্যর্থ ইমরুল কায়েস জায়গা হারিয়েছেন একাদশে। সিরিজের প্রথম দুই ম্যাচে দলের বিশেষজ্ঞ বোলারদের মধ্যে সবচেয়ে খরুচে বোলিং করা পেসার রুবেল হোসেনও নেই একাদশ।
দলে ফিরেছেন মিডল অর্ডার ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন। তিনে ফিরে যাচ্ছেন বাঁহাতি ব্যাটসম্যান সৌম্য সরকার। রুবেলের জায়গায় দলে ফিরেছেন পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন।
বাংলাদেশ একাদশ: মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, সাইফ উদ্দিন।
টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ
সিরিজে প্রথমবারের মতো টস জিতলেন মাশরাফি বিন মুর্তজা। বাংলাদেশ অধিনায়ক নিলেন ফিল্ডিং।
টানা তৃতীয় না অপেক্ষার অবসান?
টানা তৃতীয় সিরিজ জয়ের হাতছানি বাংলাদেশের সামনে। ওয়েস্ট ইন্ডিজের সামনে সুযোগ ওয়ানডেতে চার বছরের জয় খরা অবসানের। সিরিজ নির্ধারণী ম্যাচে রোমাঞ্চকর ক্রিকেটের প্রতিশ্রুতি দিয়েছে দুই দল।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের অভিষেক ওয়ানডে শুরু হবে আজ বেলা ১২টায়।
সিলেটে নিজেদের প্রথম জয় পেতে সতীর্থদের ইতিবাচক থাকতে বলেছেন মাশরাফি বিন মুর্তজা। ব্যাটিং-বোলিং-ফিল্ডিং তিন বিভাগেই উন্নতিতে চোখ রেখে মাঠে নামতে চান বাংলাদেশ অধিনায়ক।
২০১৪ সালের পর থেকে কোনো ওয়ানডে সিরিজ জেতেনি ওয়েস্ট ইন্ডিজ। অপেক্ষার অবসানের সুযোগে রোমাঞ্চিত রভম্যান পাওয়েল। সফরকারী অধিনায়কও ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে উন্নতির দিকে তাকিয়ে আছেন।

