চাঁদপুর প্রতিনিধি ॥ বৃহস্পতিবার দিবাগত গভীর রাত। ঘড়ির কাঁটায় রাত সাড়ে ৩টা। দীর্ঘ পাঁচ বছর পর সৌদি আরব থেকে নিজের গ্রামের বাড়ি ফরিদগঞ্জ উপজেলার দক্ষিণ বদরপুর গ্রামে ফিরছিলেন সোহাগ। অবরোধকারীর বেশে ছিনতাইকারীরা তার সর্বস্ব কেড়ে নিলো। দেশের মাটিতে পা দিয়ে পরিবার-পরিজনের মুখ দেখার আগেই তিনি অপরাজনীতির শিকার হলেন। বাড়ির কাছে এসেও বিদেশ থেকে নিয়ে আসা জিনিসপত্র নিয়ে বাড়ি ফিরতে পারলেন না।
চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের ফরিদগঞ্জ উপজেলার খেজুরতলা এলাকায় তাকে বহনকারী প্রাইভেট কারটি পৌঁছামাত্র অবরোধকারীর বেশে একদল অস্ত্র ও মুখোশধারী সড়কে গাছের গুঁড়ি ফেলে গাড়িটি থামাতে বাধ্য করে। পরে অস্ত্রের মুখে নগদ অর্থসহ ৫ লাখ টাকার মালামাল লুটে নিয়েছে। তাদের বাধা দিতে গেলে হামলায় ওই প্রবাসীসহ অন্তত ৪ জন আহত হয় । এ ব্যপারে শুক্রবার দুপুরে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে।
ঘটনার শিকার আহত প্রবাসী সোহাগ জানায়, বিমান বন্দর থেকে একটি প্রাইভেট কার নিয়ে তিনি, তার ভাই ফারুক ও বোনের স্বামী ইমরান হোসেনসহ বৃহস্পতিবার রাত সাড়ে তিনটার দিকে বাড়ির কাছাকাছি চাঁদপুর-ফরিদগঞ্জ-লক্ষ্মীপুর সড়কের খেজুরতলা এলাকায় পৌঁছলে ৫/৬ জনের অস্ত্র ও মুখোশধারী যুবক সড়কে গাছের গুঁড়ি ফেলে তাদের গতিরোধ করে। তারা গাড়ির চালকের গলায় ছুরি ধরে অবরোধের মধ্যে গাড়ি চালানোর কারণ জিজ্ঞাসা করেই ছিনতাই শুরু করে। এ সময় সোহাগসহ গাড়িতে থাকা লোকজন তাদের বাধা দিলে তারা তাদের বেদম মারধর করে। এতে সোহাগ, তার ভাই ফারুক, বোন জামাই ইমরান হোসেন এবং গাড়ি চালক আহত হন। পরে অস্ত্রের মুখে যাত্রীদের কাছ থেকে বিদেশি মুদ্রা, বাংলাদেশি টাকা, ডায়মন্ডের লকেট ও মোবাইল সেটসহ ৫ লাখেরও বেশি টাকার জিনিসপত্র নিয়ে যায়। আহতরা ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছে। পরে শুক্রবার দুপুরে সোহাগ হোসেন বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেন।
