জিসান আহমেদ নান্নু ॥
কচুয়া উপজেলার পালাখাল বাজারস্থ ইউনিয়ন পরিষদের সামনে মাদক নির্মূল সমাবেশ ও ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির কর্মশালার আয়োজন করা হয়। গতকাল বুধবার বিকেলে স্থানীয় কমিউনিটি পুলিশিং কমিটির উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ইমাম হোসেনের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাবীব মজুমদার জয়ের পরিচালানয় সভায় প্রধান অতিথির বক্তব্যে কচুয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আলমগীর হোসেন মজুমদার বলেন, কচুয়ায় সকল প্রকার মাদক ও অপরাধ কর্মকান্ড নির্মূল করতে অচিরেই মহাসমাবেশ করা হবে। পালাখালসহ কচুয়ার সকল এলাকাকে মাদক মুক্ত করতে সবাইকে আরো সোচ্চার হতে হবে। তিনি আরো বলেন, কচুয়ায় বিগত দিনে পৌরসভাধীন করইশ ও কড়ইয়া গ্রামে মাদক সেবন বেশি ছিল। বর্তমানে এ দু’গ্রামে মাদক সেবনের প্রবনতা অনেকাংশে কমে গেছে। এ এলাকায় কারা মাদক ব্যবসায়ী ও সেবনকারী তা আমাদের পুলিশ প্রশাসনের কাছে তালিকা আছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানায় জিডি করে তাদের আইনের আওতায় আনা হবে। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, ওসি তদন্ত রফিক উল্যাহ, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আব্দুর রশিদ পাঠান, সাধারণ সম্পাদক প্রাণ ধন দে, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আলী আশ্বাদ, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওমর ফারুক, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, পালাখাল বাজার পরিচালনা পর্ষদের সভাপতি খলিলুর রহমান, প্যানেল চেয়ারম্যান আব্দুল খালেক, ইউপি মেম্বার গিয়াস উদ্দিন, সাবেক ছাত্রলীগ নেতা মামুন রশিদ প্রমুখ।
