কচুয়া প্রতিনিধি-
কচুয়া থেকে প্রকাশিত পাক্ষিক কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক এবং কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি আলমগীর তালুকদারসহ ৪ সাংবাদিককে মানহানী মামলায় বেকসুর খালাস দিয়েছে চাঁদপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট শওকত হোসাইন। দীর্ঘ শুনানী শেষে রবিবার দুপুরে বিজ্ঞ আদালত এ রায় প্রদান করেন। মামলার খালাশ প্রাপ্তরা হলেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মোঃ মাহমুদুর রহমান, কচুয়া বার্তার সম্পাদক ও প্রকাশক মোঃ আলমগীর তালুকদার, আমার দেশ পত্রিকার কচুয়া উপজেলা সংবাদদাতা মোঃ খোরশেদ আলম শিকদার, কচুয়া বার্তার প্রতিনিধি মোঃ বিল্লাল মাসুম। এছাড়া মামলার আসামী মোঃ গাজী মিয়া ও ইউনুস মিয়াকেও বেকসুর খালাস দিয়েছে বিজ্ঞ আদালত।
জানা গেছে, উপজেলার সাজিরপাড় গ্রামের ছিদ্দিকুর রহমানের স্ত্রী সাবেক ইউপি মেম্বার সুফিয়া বেগমের বিরুদ্ধে “দৈনিক আমার দেশ ও পাক্ষিক কচুয়া বার্তা” পত্রিকায় সংবাদ প্রকাশ করে। এ ঘটনায় সুফিয়া বেগম বাদী হয়ে ৬ জনকে আসামী করে চাঁদপুর বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মানহানী মামলা দায়ের করেন। মামলা নং সি আর ২২৪/১০ তারিখ ২৫/৩/২০১০ ইং।
মামলাটি পরিচালনা করেন চাঁদপুর বারের সভাপতি এ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোঃ কামাল হোসেন, এ্যাডভোকেট হেলাল উদ্দীন, চাঁদপুর দিগন্তের সম্পাদক এ্যাডভোকেট শাহজাহান মিয়া, এ্যাডভোকেট মোঃ নাজমুল হুদা, মোঃ ফারুক খাঁন ও মোঃ সালাহউদ্দীন ফটিক।
