,হাজীগঞ্জ প্রতিনিধি ১ জুলাই
হাজীগঞ্জে ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রবিবার রাতে হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দু’পক্ষকে সড়ক থেকে সরিয়ে দিয়েছে পুলিশ । এদিকে সোমবার দুপুরেও দুপক্ষের মধ্যে মৃধ সংঘর্ষ হয়েছে। বর্তমানে পরিস্থিতি থমথমে অবস্থা।
অভিযোগ উঠে, রবিবার রাতে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবন এর এক সমর্থককে মারধরে করে পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বির সমর্থকরা। খবর পেয়ে তার (জীবন) সমর্থকেরা জড়ো হয়ে রাব্বির সমর্থকদের ধাওয়া দেয়। এতে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের ইট ও কাচেঁর বোতল ছোড়াছুড়িতে হাজীগঞ্জ বাজারের প্রধান সড়কে (কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক) যানবাহন চলাচল এবং ঘটনাস্থলের ব্যবসা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যায়। খবর পেয়ে পুলিশ, যুবলীগ ও ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ ঘটনাস্থলে ছুটে আসেন।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক জীবন বলেন, ছাত্রলীগ কর্মী আলামিন মাথার চুল ছাঁটাইয়ের উদ্দেশ্যে পশ্চিম বাজারে একটি সেলুনে যান। সেখানে রাব্বির সমর্থকেরা তার উপর অর্তকিত হামলা চালায় এবং তাকে মারধর করে। খবর পেয়ে আলামিনকে উদ্ধারের জন্য ছাত্রলীগের কর্মীরা ছুটে গেলে, রাব্বির সমর্থকেরা তাদের উপর অর্তকিত হামলা করে। এতে দু’পক্ষের সংঘর্ষ বেধে যায়।
পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাছান রাব্বি বলেন, খবর পেয়ে আমি সেখানে যাই। তবে জানতে পেরেছি, হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাই স্কুল এন্ড কলেজের সামনে ছাত্রলীগের কর্মীদের উপর হামলা করার কারনে রাতে হামলাকারীদের সাথে ছাত্রলীগ কর্মীদের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটে।
হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. আলমগীর হোসেন রনি জানান, ছাত্রলীগের দু’পক্ষের সংঘর্ষে ঘটনায় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে এনেছে। তবে কাউকে আটক করা হয়নি।
