পাপ সংলাপ
একদিন মা আমাকে অস্ফুটে বলেছিল-
‘ভালোবাসতে নেইরে বাপ
ভালোবাসা মানে পাপ।’
সেই থেকে আজও আমি ভালোবাসতে শিখিনি।
আঙ্গুলে ডুগডুগি বাজিয়ে আমার বাতাসে ভালোবাসা ঘোমটা খুললে
আমি ঠিক ডেকে আনব রবিবাবুকে।
বুকে হাত রেখে বলছি- ‘এবার তোমার শান্তিনিকেতন সাজাও প্রভু’ বলে দেব একদম।
এতে আর ভয় পাব কেন! ঈশ্বর তো আমাকেই বানাতে চেয়েছিল ভালোবাসার দেবতা।
তুমি
হাত পোড়ার গন্ধে অশ্রুর ঘ্রাণ মিশিয়ে
বেঁচে থাকার আত্মা বুনে দিলে তুমি
আমার আত্মা আমি তোমার মুঠোয় পুরে
উড়াল পাখি দিনভর
তোমার ঘরে তুমি একাকি নিরন্তর।
