ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল
জনগণ যেভাবে ভূমির সেবা চায় সেভাবেই সেবা দিতে চেষ্টা করুন
‘ভূমি ব্যবস্থাপনা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল’ এ শ্লোগান নিয়ে ভূমি সেবা সপ্তাহের র্যালী বের হয়। গতকাল শনিবার সকালে চাঁদপুুর শহরের ইলিশ চত্বর থেকে র্যালীটি বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুস সবুর মন্ডল। তিনি তাঁর বক্তব্যে বলেন, ভূমি অফিসের সেবা জনগণের কাছে এখন গুরুত্বপূর্ণ। মানুষ এখন একজন চিকিৎসকের কাছে যেভাবে চিকিৎসা নেয়, ঠিক তেমনি ভূমি অফিস থেকে সে সেবা চায়। কাজেই মানুষকে সঠিক সেবা দিতে হবে। তিনি ভূমি সংশ্লিষ্ট কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সেবাটা কী? সেবা কি শুধুই খাজনা আদায় আর রসিদ দেয়া? না কি সেবা হলো মানুষের ত্রুটি যুক্ত দলিল সঠিকভাবে রেজিস্ট্রি করা। দলিল, দাখিলা, দখল হালনাগাদ কাগজগুলো সঠিকভাবে মানুষের মাঝে দিতে হবে। তিনি আরো বলেন, সরকার যেভাবে চাকুরিজীবীদের বেতন বাড়িয়েছে, তা মরার আগ পর্যন্ত খেয়ে যেতে পারবে। সুতরাং অনিয়মের সুযোগ নেই। ভালো হবার সময় লাগে না। যে কোনো সময় ভালো হওয়া যায়। এখন শুধু আপনাদের মাইন্ড চেঞ্জ করুন।
অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা, আইসিটি ও রাজস্ব) মোহাম্মদ আবদুল হাইয়ের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন আরডিসি কানিজ ফাতেমা, কচুয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশরাফ, চাঁদপুুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অভিষেক দাস, চাঁদপুুর প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক জিএম শাহীন, হাজীগঞ্জ উপজেলা ভূমি সহকারী মোঃ শেখ ছাদেক, কানুনগো চম্পক ত্রিপুরা প্রমুখ।
জেলা প্রশাসক তাঁর বক্তব্যে আরো বলেন, যারা ভূমি অফিসে চাকুরি করেন, আপনারা আইন বুঝবেন, আইন মানবেন। আইন অনুযায়ী মানুষকে সেবা দিবেন। মনে রাখবেন আইন কাউকে ছাড় দেয় না। আপনি বলবেন স্যার আমি বুঝি নাই ভুল হয়ে গেছে, এ কথা বলে পার পাবেন না। তিনি আরো বলেন, ২০ বছর পূর্বের জমি আর বর্তমান জমির মান কিন্তু এক না। জনগণ যেভাবে সেবা চায় সেভাবেই সেবা দিতে চেষ্টা করুন। প্রতিদিন ক’জন লোককে সেবা দিলেন তা রেজিস্টারভুক্ত করুন। ভূমি আমাদের দেশের মহামূল্যবান সম্পদ। এই ভূমির উপর কৃষি নির্ভর করে। আর এ ভূমির সংরক্ষণের জন্যেই ফৌজদারি আদালত হয়েছে। কাজেই ভূমির সেবা নিতে আসা মানুষ নিরাশ যেনো না হয়।
