চাঁদপুর প্রতিনিধি ॥
২০ দলীয় জোটের টানা অবরোধের মধ্যেই চাঁদপুরে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার প্রস্তুতি চলছে। মঙ্গলবার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত এ সংক্রান্ত এক সভায় চাঁদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নরুল্লা নূরী জানান, নির্ধারিত তারিখ থেকেই এসএসসি, দাখিলসহ সমমানের পরীক্ষা অনুষ্ঠানের জন্য জেলা প্রশাসন প্রস্তুত। তিনি জানান, পরীক্ষা চলাকালেও অবরোধ-হরতালের মত কর্মসূচি থাকলে তারা পরীক্ষার্থীদের আসা-যাওয়ার ক্ষেত্রে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা করবেন। সভায় বিভিন্ন উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানরা উপস্থিত ছিলেন।
এবার চাঁদপুর জেলার আট উপজেলা থেকে এসএসসি পরীক্ষায় ২৪ হাজার ২শ’ ৯০ জন, দাখিল পরীক্ষায় ৬ হাজার ৮শ’ ১১ জন এবং কারিগিরি পরীক্ষায় ১ হাজার জন পরীক্ষার্থী অংশ নেবে। এসএসসি’র জন্য মোট কেন্দ্র সংখ্যা ৩৭ , দাখিলের জন্য ১৮ এবং কারিগরির জন্য ১০ টি। সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে পরীক্ষা অনুষ্ঠানের জন্য জেলা ও উপজেলা পর্যায়ে ভিজিলেন্স টিম গঠন করা হয়েছে।
