সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি’র কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আ ন ম এহসানুল হক মিলনের বিরুদ্ধে চাঁদপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আসিম কুমার দে’র আদালত নির্বাচনী ব্যায়ের হিসাব দাখিল সংক্রান্ত একটি মামলায় গ্রেফতারি পরোয়ারা জারি করেছে। বৃহস্পতিবার দুপুরে আদালত এই গ্রেফতারি পরোয়ানা জারি করে। বৃহস্পতিবার ছিল এই মামলায় অভিযোগ গঠনের তারিখ। ওই দিন মিলনের অনুপস্থিতিতে আদালতে এই মামলায় তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মিলনের ব্যক্তিগত সহকারি মোঃ গোলাম সারওয়ার জানায়, ২০০৯ সালের ২৮ জানুয়ারি চাঁদপুরের তৎকালীন নির্বাচন কর্মকর্তা মোঃ মেসবাহউদ্দিন আহমেদ চাঁদপুর সদর মডেল থানায় ওই মামলাটি দায়ের করে। মামলায় অভিযোগ করা হয়, আ ন ম এহসানুল হক মিলন চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে নবম জাতীয় সংসদ নির্বাচনে অংশ গ্রহন করলেও তিনি নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচনী ব্যায়ের হিসেব দাখিল করেন নাই। সারওয়ার আরো জানায়, এই মামলায় মিলন হাইকোর্ট থেকে স্থায়ী জামিন নিয়েছিলেন।
উল্লেখ্য, মিলন প্রায় তিন সপ্তাহ ধরে সৌদী আরব অবস্থান করছেন। তিনি তার স্ত্রী ও মহিলা দলের কেন্দ্রীয় নেত্রী নাজমুন নাহার বেবি এবং একমাত্র কন্যাসহ সেখানে ওমরাহ পালন করতে গেছেন।
