চাঁদপুর প্রতিনিধি ॥ চাঁদপুর প্রেসক্লাবের ৪৪ বছর পূর্তি ও নতুন কমিটির অভিষেক উপলক্ষে সম্পাদক নাসিরউদ্দিন স্মরণে ছবি আঁকা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। চাঁদপুর প্রেসক্লাব প্রাঙ্গণে মঙ্গলবার বিকেলে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় ২১১জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। দ্বিতীয় শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত বিভিন্ন বয়সী ছাত্র-ছাত্রী ৪টি বিভাগে মনের মাধুরী মিশিয়ে এঁকেছে বিচিত্র চিত্রকর্ম।
ছবি আঁকা প্রতিযোগিতা পরিদর্শন করেন প্রেসক্লাব সভাপতি শহীদ পাটোয়ারী, সাধারণ সম্পাদক রহিম বাদশা, সহ-সভাপতি বিএম হান্নান, সহ-সভাপতি শরীফ চৌধুরী, যুগ্ম সম্পাদক সোহেল রুশদী, যুগ্ম সম্পাদক লক্ষ্মণ চন্দ্র সূত্রধর, যুগ্ম সম্পাদক আলম পলাশ, ক্রীড়া সম্পাদক ইয়াছিন ইকরামসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিকবৃন্দ। প্রতিযোগিতার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি এবং প্রতিযোগিতা ও সাজসজ্জা পরিষদের আহ্বায়ক গিয়াসউদ্দিন মিলন, সাংগঠনিক সম্পাদক এবং প্রতিযোগিতা ও সাজসজ্জা পরিষদের সদস্য সচিব জিএম শাহীন।
৬ ফেরুয়ারি বিকেল ৩টায় চাঁদপুর শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত প্রেসক্লাবের ৪৪ বছর পূর্তি ও অভিষেক অনুষ্ঠানে ছবি আঁকা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়। একই অনুষ্ঠানে বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
