চাঁদপুর প্রতিনিধি ঃ
গোয়েন্দা পুলিশ চাঁদপুরের হাজীগঞ্জ ও মতলব উপজেলায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা, ৪শ’৪০ পিস ইয়াবাসহ দু’জনকে গ্রেফতার করেছে।
জানা যায়, বুধবার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার বেলঘর সরকার বাড়িতে অভিযান চালিয়ে জনৈক বিল্লাল হোসেন সরকারের ঘর থেকে বস্তাবন্দি অবস্থায় ১৫ কেজি গাঁজাসহ বিল্লাল হোসেন (৩২)’কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি নিজেকে র্নিদোষ বলে দাবি করে জানায়, ঘটনার আগের দিন তিন ব্যক্তি এনে তার স্ত্রী হালিমা বেগমের কাছে গাঁজাগুলো রেখে যায়।
অন্যদিকে ওইদিনই রাতে মতলব দক্ষিণ উপজেলার বহরি গ্রামের সরকার বাড়ির হান্নান সরকারের বাড়ি থেকে ৪শ’৪০ পিস ইয়াবাসহ হান্নান সরকারের ছেলে বাবুল সরকার (২৫) কে গ্রেফতার করে। বিক্রির উদ্যেশ্যে বের হবার মুহূর্তে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পৃথক দুটি অভিযান পরিচালনা করেন ডিবির এস আই মামুনুর রশিদ সরকার ও খন্দকার ইসমাইল হোসেন। আটক মাদক দ্রব্য পরে পুলিশ সুপার মোঃ আমির জাফর পরীক্ষা করে দেখেন।
