চাঁদপুর প্রতিনিধি ॥ হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদ্য মনোনীত আহবায়ক ড. মো. আলমগীর কবির পাটোওয়ারী ও যুগ্ম আহবায়ক হাজী ইমাম হোসেনের বাসায় যৌথ বাহিনী অভিযান চালিয়েছে। ঘটনাস্থলে কাউকে না পেয়ে পরে বিএনপির অন্যান্য নেতা-কর্মীদের বাড়িতে তল্লাশি চালিয়ে ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলো : স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম (৪০), বিএনপি নেতা জামাল মিজি (৪৫) ও খোকন মিজি (৩৮)। অভিযানের সময় ওইসব বাসায় ব্যাপক তল্লাশি ও মালামাল তছনছ করা হয়।
জানা যায়, বৃহস্পতিবার রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত পরিচালিত ওই যৌথ অভিযানের নেতৃত্ব ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম ও থানার ওসি মো.শাহআলম। অভিযানে বিজিবি ও পুলিশের প্রায় অর্ধশত সদস্য অংশগ্রহণ করে। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো.শাহআলম অভিযান ও আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নবগঠিত হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক, বড় মসজিদের সাবেক মোতাওয়াল্লী এবং স্থানীয় মডেল কলেজের অধ্যক্ষ ড. মো. আলমগীর কবির পাটোওয়ারী জানান, এমন ঘটনা অনাকাংখিত এবং অপমানজনক। তিনি কখনোই বিশৃঙ্খলা বা সন্ত্রাসের রাজনীতি করেন না বা করবেনও না। তাকে সামাজিকভাবে হেয় করার জন্যই একটি অসাধু মহলের প্ররোচলনায় তার বাসায় ওই অভিযান চালানো হয়।
