জিসান আহমেদ নান্নু, কচুয়া ॥
কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মকবুল হোসেনের অকাল মৃত্যুজনিত কারণে ওই ওয়ার্ডের উপ-নির্বাচনের তফসিল ঘোষনা করা হয়েছে।
গত মঙ্গলবার (২ডিসেম্বর) কচুয়া উপজেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এ ওয়ার্ডের উপ-নির্বাচনের তফিসল ঘোষনা করেন। তফসিল ঘোষনার দ্বিতীয় দিনে বৃহস্পতিবার দুপুরে ইউপি সদস্য পদে মোঃ হান্নান মিয়া মনোনয়নপত্র ক্রয় করেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র জমাদানের শেষ দিন ৮ডিসেম্বর, মনোনয়নপত্র বাছাই ৯ডিসেম্বর, প্রার্থীতা প্রত্যাহার ২৪ডিসেম্বর ও ভোটগ্রহণ ২৮ ডিসেম্বর রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে অনুষ্ঠিত হবে।
জানা গেছে, উপজেলার কড়ইয়া ইউনিয়নের আকানিয়া, নাছিরপুর ও কহলথুরী ৩ গ্রাম নিয়ে ৬নং ওয়ার্ড অবস্থিত। এ ওয়ার্ডে মোট ভোটারের সংখ্যা ৩ হাজার ৫শ ৫৮জন। তন্মধ্যে পুরুষের তুলনায় মহিলা ভোটারের সংখ্যা বেশি। নির্বাচনকে সামনে রেখে মেম্বার পদে জনগন মনোনীত প্রার্থী মোঃ শাহজাহান মিয়া, মোঃ হান্নান মিয়া, কামরুজ্জামান কাঞ্চন ও সিদ্দিকুর রহমানসহ একাধিক প্রার্থী প্রচারনা করে ভোট প্রার্থনার মাধ্যমে এলাকা সরগম করে তুলছে। একই সাথে এ ওয়ার্ডের উপ-নির্বাচনতে সামনে রেখে স্থানীয় ভোটার, কাউন্সিলর ও এলাকাবাসীর মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
