হাজীগঞ্জ পৌরসভার মেয়র ও উপজেলা বিএনপি‘র সভাপতি আলহাজ¦ আব্দুল মান্নান খাঁন বাচ্চু সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। গত রোববার দুপুর দেড়টার দিকে তিনি দুর্ঘটনায় পতিত হন। বর্তমানে তিনি চিকিৎসাধীন অবস্থায় বাসায় আছেন। তার পরিবার সকলের কাছে দোয়া চেয়েছেন, যেন দ্রুত সুস্থ্য হয়ে উঠেন।
প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, হাজীগঞ্জ বাজারের একটি উন্নয়ন কাজ পরিদর্শন শেষে পৌরসভার অফিসে ফিরছিলেন মেয়র। এ সময় তিনি মোটরসাইকেলের পিছনে বসা ছিলেন। হাজীগঞ্জ বাজারস্থ হাজীগঞ্জ সেতুর পূর্ব অংশে পৌছা মাত্র বিপরীত দিক থেকে অপর একটি মোটরসাইকেল মেয়রকে বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা মারে। এ সময় পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী মোঃ ইদ্রিস মিয়াসহ মেয়র সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হন। পরে স্থানীয়রা আহত মেয়রসহ অন্যদেরকে হাজীগঞ্জ বিসমিল্লাহ হাসপাতাল এন্ড ডায়াগনষ্টিক সেন্টরে নিয়ে আসে। বর্তমানে চিকিৎসকের পরামর্শে তিনি বাসায় আছেন বলে জানা গেছে। এ ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী ইদ্রিস মিয়ার পায়ে মারাত্মক জখম হওয়ায় হাসপাতালে চিকিসাধীন আছেন।
