আসন্ন বাজেটে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতে কর অবকাশ সুবিধা বহাল থাকবে। বুধবার দুপুরে সচিবালয়ে ‘ডিজিটাল ওয়ার্ল্ড ২০১৪’-এর উপদেষ্টা কমিটির এক বৈঠকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কথা জানান।
অর্থমন্ত্রী বলেন, কর অবকাশ সুবিধা দেয়া হলেও মূসক (ভ্যাট) থেকে অব্যাহতি হবে না। এটা সবার জন্যই প্রযোজ্য। ভ্যাট একটি ভালো আইন উল্লেখ করে তিনি বলেন, ২০১৫ সাল নাগাদ এটা পুরোপুরি কার্যকর হবে এবং তখন থেকে ১৫ শতাংশ হারে ভ্যাট দিতে হবে বলে জানান।
তিনি আরো বলেন, ২০২১ সালকে সামনে রেখে ভিশন তৈরি করা হয়েছে। এ ভিশনের লক্ষ্যে ২০২১ সালে তথ্যপ্রযুক্তি ও যোগাযোগ খাতকে দ্বিতীয় সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হয়েছে এবং এক নম্বরে রাখা হয়েছে বস্ত্র খাতকে (টেক্সটাইল)। এটা কর্মসংস্থানের জন্য সহায়ক বলে তিনি জানান।
