চৌধুরী ইয়াসিন ইকরাম ঃ
হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ ইসমাইল হোসেন। তিনি তাঁর বক্তব্যে বলেন, আমার সৌভাগ্য যে, চাঁদপুরের ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ৩ টি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে অংশগ্রহণ করা। খেলাধুলা স্কাউটিংসহ অন্যান্য কার্যক্রমে ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের ছাত্ররা অনেক ভালো করছে। শত বছরের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠটি ছাত্রদের মানসম্মত শিক্ষা দানের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এসএসসি ও পাবলিক পরীক্ষায় তাদের ফলাফলও অনেক ভালো। তিনি আরো বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ অন্যান্য শিক্ষক- শিক্ষিকাগণ ছাত্র-ছাত্রীদের পড়ালেখার ব্যাপারে অনেক আন্তরিক। বইয়ের জ্ঞানের মাধ্যমে সীমাবদ্ধ না থেকে সারা পৃথিবীতে কি ঘটছে ছাত্রদের তা জানতে হবে। খেলাধুলাসহ সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে পারলে ব্যক্তি জীবনে ছাত্র-ছাত্রীরা সুনাগরিক হিসেবে গড়ে উঠবে।
হাসান আলী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হোসেন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার মোঃ আমির জাফর। উপস্থিত ছিলেন, মাতৃপীঠ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার সাহা, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ নাছির উদ্দিন, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া জীবন, বর্তমান কমিটির সাধারণ সম্পাদক রহিম বাদশাসহ শিক্ষক-শিক্ষিকা ও অতিথিবৃন্দ। সভাশেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।
