কচুয়া প্রতিনিধি-
চাঁদপুরের কচুয়ায় জোর পূর্বক জমি দখল করে অন্যত্র মাটি বিক্রির অভিযোগ পাওয়া গেছে। উপজেলার গোহট গ্রামের অধিবাসী কামাল হোসেন, খোরশেদ আলম ও একই এলাকার দেলোয়ার হোসেন গংদের বিরুদ্ধে এ অভিযোগ উঠে।
সরজমিনে গত বুধবার বিকালে জানা যায়, উপজেলার ৩১২নং গোহট মৌজার সর্বশেষ ১৪২নং বি.এস খতিয়ানে ২০২ দাগে (সাবেক ২৮১) মোট ২৭ শতাংশ কৃষি জমি গোহট গ্রামের মৃত হাজী সাদেক আলীর পুত্র হাজী সৈয়দ আহমেদ ও আলী আহমেদ গংরা পৈত্রিক সূত্রে মালিক হয়ে দীর্ঘ বহু বছর শান্তিপূর্ন ভাবে ভোগ দখল করে আসছে। প্রায় বছর খানেক পূর্বে ওই সম্পত্তির একটি অংশ একই এলাকার ইসমাইল পাটওয়ারীর পুত্র দেলোয়ার হোসেন পাটওয়ারী, গোহট গ্রামের রফিকুল ইসলামের পুত্র খোরশেদ আলম ও মৃত আঃ খালেকের পুত্র কামাল হোসেন গংরা জোর পূর্বক দখল করে। ওই জমির কৃষি ফলন নষ্ট করে কামাল হোসেন ও দেলোয়ার গংরা সাহারপাড় গ্রামের মাটি কাটা শ্রমিক সর্দার দেলু মিয়ার নিকট প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা মূল্যে মাটি বিক্রি করেন। শ্রমিক সর্দার দেলু মিয়া ক্রয়কৃত ওই মাটি স্থানীয় বিএনডি ব্রিক ফিল্ডের পরিচালক বাচ্চু মিয়ার নিকট পুনরায় অধিক মুল্যে বিক্রি করে। মাটির সর্দার দেলু মিয়া গত কয়েকদিন ধরে ওই স্থানের জমির মাটি কেটে ট্রাকে করে বাচ্চু মিয়ার ব্রিক ফিল্ডে নিয়ে যাচ্ছে। এদিকে জমির প্রকৃত মালিক হাজী সৈয়দ আহমেদ ও আলী আহমেদ গংরা মাটি কাটায় বাঁধা দিলে এদের উল্টো হুমকি-ধমকি ও মামলায় জড়ানোর ভয়ভীতি প্রদর্শন করে দেলোয়ার হোসেন গংরা। হাজী সৈয়দ আহমদের বড় ছেলে মফিজুল ইসলাম বাবুল জানান, পৈত্রিক সূত্রে ওই জমির প্রকৃত মালিক হয়েও আমার পিতা ও চাচা দখলকারীদের হুমকি ও হামলার ভয়ে জমি দখলে যেতে পারেনি। বর্তমানে বিষয়টি নিয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে তিনি জানান। স্থানীয়রা জানিয়েছে জমি দখলের বিষয় নিয়ে বিজ্ঞ আদালতে মামলা চলমান রয়েছে। অপরদিকে গোহট গ্রামে জোর পূর্বক জমি দখল ও মাটি কাটার ঘটনায় যে কোন সময় বড় ধরনের রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা করছে এলাকাবাসী।
কচুয়াঃ গোহট গ্রামে সৈয়দ আহমেদ ও আলী আহমেদ গংদের জমির মাটি এভাবে কেটে নিয়ে যাচ্ছে প্রতিপক্ষ গংরা।
